
মোঃ সোহেল রানা রাজশাহী
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দূর্গম সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় পদ্মা নদীর ঘাট এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু অসাধু চক্র অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌছালে মাদককারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশী করে একটি বস্তা থেকে *৪১ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিনে রাত্রি আনুমানিক ০১১৫ ঘটিকার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন কান্দিপাড়া কলাবাগান নামক স্থানে কিছু চোরাচালানী মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কোন চোরাকারবারীকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ হতে ৩০৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহীর শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.