
মোঃ মাসুদ রানা,
(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে ঢুকে মালিকসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় ক্লিনিকে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুট এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছেন ক্লিনিকের মালিক।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মুরগিহাটা মোড় এলাকায় অবস্থিত আনসার আলী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ক্লিনিকের স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন (৪০), কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক (২২) এবং ক্লিনিকের ম্যানেজার মাহাবুর রহমান (৩৩)। তাঁদের মাথায় আঘাতের কারণে যথাক্রমে দুটি, চারটি ও তিনটি সেলাই দিতে হয়েছে। তাঁরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আলমগীর হোসেনের থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে মুরগিহাটা মোড়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেনও সেখানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর নাজিম উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আলমগীর হোসেনের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তৌফিককে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এবং ক্লিনিকের ম্যানেজার মাহাবুর রহমানকে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয়। অন্যরাও তাঁদের লোহার রড দিয়ে মারধর করেন। তাঁদের চিৎকার শুনে ক্লিনিকের নার্স, আয়া ও কর্মচারীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ক্লিনিকের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করে নারী, শিশু, বৃদ্ধ ও চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগও রয়েছে। পাশাপাশি ক্লিনিকের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। এ সময় ক্যাশ থেকে আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা এবং এক নার্সের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নাজিম উদ্দিন, নাজির উদ্দিন, হুসাইন, হুসাইন ও বিল্লালসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় এজাহার দেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তবে অভিযোগ অস্বীকার করে এজাহারে নাম থাকা বিল্লাল হোসেন বলেন, ‘কোনো ধরনের অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। ঘটনার বেশ কিছু সময় পর আমি সেখানে যাই। শুনেছি, তারা প্রথমে ইট দিয়ে আঘাত করে। এ সময় আত্মরক্ষার্থে হয়তো তাদের সামান্য লাগতে পারে। আমাদেরও কয়েকজন আহত হয়েছেন।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘আহত তিনজন থানায় এসেছিলেন। তাঁরা এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.