
মো: আরিফুল ইসলাম
পাবনার ভাঙ্গুড়ায় ক্রয়সূত্রে পাওয়া জমির দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারধর, রক্তাক্ত জখম ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আ. হাকিম (৪৫) ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. আ. হাকিম ও তাঁর ভাইয়েরা সরদারপাড়া এলাকার একটি মৌজায় ১১ শতক জমি ক্রয়সূত্রে মালিকানা লাভ করেন। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছিলেন। তবে অভিযুক্তরা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন এবং বিভিন্ন সময় তাঁদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে আ. হাকিম তাঁর ভাই মো. খোকন (৪০), ছেলে মিরাজ (২০) ও ভাতিজা সাব্বিরসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
একপর্যায়ে প্রতিবাদ করলে অভিযুক্তদের একজন বাঁশের লাঠি দিয়ে আ. হাকিমের ভাই খোকনের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় কাটা রক্তাক্ত জখম হয়। অপর একজনের লাঠির আঘাতে আ. হাকিমের বাম হাতে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অভিযুক্তরা একত্রিত হয়ে মিরাজ ও সাব্বিরকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। অভিযোগকারীর দাবি, ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের সামনেই অভিযুক্তরা তাঁদের মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
পরে আহতরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান অভিযোগকারী। অভিযোগপত্রে সাক্ষী হিসেবে মো. নুর ইসলাম ও মো. পলাশের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আজম বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারী মো. আ. হাকিম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্রয়সূত্রে পাওয়া জমির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.