
এ.কে পলাশ কুমিল্লা
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণরা নিজেরাই স্বাবলম্বী হবেন, পরিবারকে স্বাবলম্বী করবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।
তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য তরুণদের খেলাধুলার উপযোগী মাঠ তৈরি করে দেয়ার উদ্যোগ নেয়া হবে।
যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদফতরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.