
‘চেয়ারম্যান হলে আমড়াতলিকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই’
এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আহমেদ শরীফের পক্ষে জনমত গড়তে ২ নম্বর ওয়ার্ডের রত্নাবতী এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে স্থানীয় ভোটার ও এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন শাহিন আহমেদ শরীফ। এ সময় তিনি আসন্ন নির্বাচনে এলাকাবাসীর সমর্থন ও ভোট প্রত্যাশা করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা, বেকার তরুণদের কর্মসংস্থানে সহযোগিতা এবং এলাকার সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচিত হলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু ক্ষমতা ভোগ করা নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করা। জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হলে আমড়াতলি ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
উঠান বৈঠকে তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচনে তাঁকে সমর্থন দিয়ে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.