
মোঃ সোহেল রানা রাজশাহী
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজশাহীর পবা উপজেলার ১২১ শিশুর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় শিশুদের জন্য ত্রৈমাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী অঞ্চলে নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গ্লোবাল ওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পবার ১২১ এতিম শিশুর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সংস্থাটির উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের অন্য প্রতিষ্ঠানগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
তিনি বলেন, এতিম শিশুদের লালন-পালনে মা ও স্বজনদের সংগ্রাম ও আত্মত্যাগের মূল্য অনেক। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদান ও সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলার দায়িত্বও সবার।
সংসদ সদস্য আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রমের পরিধি বাড়ানো প্রয়োজন। শুধু পবা নয়, পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এসব উদ্যোগ সম্প্রসারণ করতে হবে। প্রকৃত অসহায় মানুষকে সহায়তার আওতায় আনতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাইয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী।
অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের সহায়তা বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক শিশুকে পড়াশোনার খরচ বাবদ ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
এ ছাড়া প্রতিটি শিশুর পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, দেড় কেজি লবণ, ৩ কেজি চিনি, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম হরলিক্স ও দুই বক্স বিস্কুট দেওয়া হয়।
শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল ছয়টি খাতা, ছয়টি কলম ও এক প্যাকেট রঙিন পেনসিল। পাশাপাশি শিশুদের দেওয়া হয় তিনটি গোসলের সাবান ও তিনটি কাপড় কাচার সাবান। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়।
গ্লোবাল ওয়ান বাংলাদেশ জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। শিশুদের পড়াশোনা অব্যাহত রাখা এবং জীবনমান উন্নয়নে নিয়মিত এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।মানচিত্র দেখুন
সহায়তা বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.