
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১ হাজার ৭৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ১৭০ জন এবং মাদ্রাসার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়। সুশৃঙ্খল পরিবেশে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সন্তানদের মেধা যাচাই ও ভালো ফলাফলের প্রত্যাশায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, ‘এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের মেধা যাচাইয়ের পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে। অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকলে আমরা আরও উৎসাহিত হব।
আরেক শিক্ষার্থী জানায়, ‘পরীক্ষায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এ ধরনের পরীক্ষা আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভালো ফলাফল করার অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন, প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. মো. হাসান, সাধারণ সম্পাদক আবু সোলাইমান এবং হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল, হাতিয়া ছাত্রদলের সাবেক আহবায়ক আরেফিন আলী, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুমন তালুকদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
শিক্ষাবিদ ও অভিভাবকরা এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃত্তি কার্যক্রম পরিচালনা এবং অধিকসংখ্যক শিক্ষার্থীকে এর আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.