
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালিত হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও নথিপত্র যাচাই করে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। এ সময় প্রয়োজনীয় নথিপত্রও সংগ্রহ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন নথি সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।
অভিযান শেষে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সরকারি অর্থ বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল। এসব সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই শেষে দুদক কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.