
এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দায়ের করা ২০১৮ সালের মাদক মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) এবং একই গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬) ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে হাতেনাতে আটক করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই ইসহাক মিয়া। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.