
[চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোররাম ওরফে সুমন (২৯), একই এলাকার মৃত নিবারন কর্মকারের ছেলে শ্রী প্রভাত কর্মকার (৪০) এবং নলডুবরী গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে শ্রী পবন কর্মকার (৪০)।
এসআরবি-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআরবি-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার শাহবাজপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে খোররাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুমন ও প্রভাত কর্মকারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৭৩ বোতল অবৈধ এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের নলডুবরী গ্রামে দ্বিতীয় অভিযান চালিয়ে পবন কর্মকারকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে আরও ৫১ বোতল এস্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) আরও জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.