
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেরোসিন ঢেলে টায়ারে আগুন ধরিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে তারা কেরোসিন ঢেলে টায়ারে আগুন ধরিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে এসআই নাহিদ, এসআই জিহাদুজ্জামান, এসআই রুবেল ও এএসআই রফিকসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার আড়পাড়া ইউনিয়নের নদীপাড়া গ্রামের মো. সেলিম মীরের ছেলে মোহাম্মদ আবির রহমান শাওন (২০) এবং একই গ্রামের আলিফ মোল্লার ছেলে মোহাম্মদ হৃদয় (২০)।
পুলিশের দাবি, হৃদয় হোসেন রিমন খাব্বারের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা এসব কর্মকাণ্ডে অংশ নেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.