
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
আজ বিকেলে বিজিবি মহাপরিচালক মহোদয় মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী হেলিকপ্টারযোগে ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার হীরাপুরস্থ হেলিপ্যাডে অবতরণ করেন। পরবর্তীতে তিনি গাড়িযোগে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া বিওপিতে উপস্থিত হয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ অন্যান্য বিজিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক মহোদয় বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে গমন করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য তিনি এ সফর করছেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি জানান, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তির সন্দেহজনক যাতায়াত বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে অবহিত করতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।
মতবিনিময় শেষে ১৬৩০ ঘটিকায় বিজিবি মহাপরিচালক মহোদয় পুনরায় হীরাপুরস্থ হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.