
এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.