
বাবলু শেখ প্রতিনিধি।
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের ‘পার্টনার’ প্রকল্পের আওতায় গঠিত টমেটোর ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর মো. গোলাম মোস্তফা। একই কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. টিপু সুলতান। তাদের এই অর্জনে জেলার কৃষি অঙ্গনে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।
সারাদেশের ২৩টি জেলার টমেটো চাষীদের প্রতিনিধিত্বকারী ১৩ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে গত ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজবাড়ী জেলা কৃষি বিপণন কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রাজবাড়ী জেলার টমেটো চাষীদের ১০টি সংগঠনের (ম্যাবস) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০ জন ভোটার অংশ নেন। একই প্রক্রিয়ায় দেশের প্রতিটি জেলা থেকে ভোটগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. গোলাম মোস্তফা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বাসিন্দা এবং কার্যকরী সদস্য মো. টিপু সুলতান খানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও কার্যকরী সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ।
এ সময় তিনি বলেন, জাতীয় পর্যায়ে টমেটো চাষীদের নেতৃত্ব দেওয়ার এই অর্জন রাজবাড়ীবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। নবনির্বাচিত কমিটি সারাদেশের চাষীদের ঐক্যবদ্ধ করে তাদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উৎপাদন থেকে শুরু করে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে টমেটো চাষকে আরও লাভজনক করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি মো. গোলাম মোস্তফা ও কার্যকরী সদস্য মো. টিপু সুলতান বলেন, জাতীয় পর্যায়ে টমেটো চাষীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও গর্বিত। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে তারা সারাদেশের টমেটো চাষীদের স্বার্থ রক্ষায় কাজ করতে চান।
তারা আরও জানান, চাষীদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে তারা কাজ করবেন। পাশাপাশি উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের প্রতিটি পর্যায়ে কৃষকদের মধ্যে সমন্বয় বাড়িয়ে টমেটো চাষকে বাণিজ্যিকভাবে আরও সমৃদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.