
শরিফুল হাসান,
সালথা (ফরিদপুর)
কৃষক কার্ড কর্মসূচির আওতায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৩ হাজার ৯২৫ জন কৃষক পাচ্ছেন আর্থিক প্রণোদনা। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগী কৃষকদের ব্যাংক হিসাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হবে। এতে মোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা পাবেন কৃষকরা। ফরিদপুর জেলার উপজেলাগুলোর মধ্যে সালথাতেই সবচেয়ে বেশি কৃষক এ সুবিধার আওতায় আসছেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গট্টি ইউনিয়নের গট্টি ব্লকের ২ হাজার ৯০ জন এবং সিংহপ্রতাপ ব্লকের ১ হাজার ৮৩৫ জন কৃষক এ প্রণোদনা পাচ্ছেন। দুই ব্লকের মোট ৩ হাজার ৯২৫ জন কৃষকের ব্যাংক হিসাবে সরাসরি এ অর্থ পাঠানো হবে। প্রত্যেকের জন্য নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা হিসাবে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
জানা গেছে, আগামী ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সঙ্গেই উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে কৃষকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছাবে। মধ্যস্বত্বভোগীর কোনো সুযোগ না রেখে ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ দেওয়ার এ উদ্যোগকে কৃষকদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূলতা উপেক্ষা করে মাঠে কাজ করেন কৃষকরা। তবে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ কৃষি উৎপাদনের নানা খরচ বাড়ায় অনেক কৃষককে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরাসরি আর্থিক সহায়তা কৃষকদের কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, জেলার মধ্যে সালথা উপজেলার সর্বাধিকসংখ্যক কৃষক এ সুবিধা পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাঁরা মনে করছেন, কৃষকদের উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষিকাজে উৎসাহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ বলেন, কৃষকদের কথা বিবেচনা করে সরকার যে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে কৃষিকাজে উৎপাদন খরচ অনেক বেড়েছে। এ অবস্থায় প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া কৃষকদের অনেক উপকারে আসবে। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের প্রতিও কৃতজ্ঞ। তিনি কৃষকদের কল্যাণ ও এলাকার উন্নয়নে এ ধরনের আরো উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশা করি।'
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে কৃষকরা আরও উৎসাহিত হবেন এবং কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও গতিশীল হবে।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি বলেন, কৃষি কার্ডের তথ্য সংগ্রহে এ অর্জন সালথা উপজেলার প্রান্তিক কৃষক, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। শুরু থেকেই আমরা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রকৃত কৃষকদের তথ্য যাচাই-বাছাই করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এই স্মার্ট কার্ডের মাধ্যমে এখন থেকে সালথার কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি প্রণোদনা, সার-বীজে ভর্তুকি এবং আধুনিক কৃষি পরামর্শ পাবেন। কোনো প্রকৃত কৃষক যেন বাদ না পড়েন সেজন্য আমাদের তদারকি চলমান থাকবে এবং এই অর্জন সালথার কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে বড় ভূমিকা রাখবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দীন বলেন, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, জীবনমানের উন্নয়ন এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কৃষক কার্ড চালু সরকারের একটি যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ। এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি কৃষিবান্ধব রাষ্ট্র গঠন এবং কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.