
এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা এবং কুমিল্লার বাঙ্গরা ও মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামে আকাশে ড্রোন দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে ফেসবুকে ড্রোন ওড়ার ভিডিও এবং গ্রামবাসীর পাহারা দেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বুধবার রাতে সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড়তে দেখা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের আঁধারে ড্রোন উড়িয়ে এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এরপর ডাকাতি হতে পারে, এমন সন্দেহ থেকে বাঙ্গরা উপজেলার পান্ডুঘরসহ বিভিন্ন গ্রামে মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার করা হয়। এ ছাড়া মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার কিছু এলাকায় ডাকাত হানা দিয়েছে বলেও মাইকে ঘোষণা দেওয়ার খবর পাওয়া গেছে।
কুমিল্লার বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, রাজাবাড়ি এলাকায় নিজের গ্রামে একসঙ্গে পাঁচটি ড্রোন উড়তে দেখেছেন তিনি। এ সময় পুলিশের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান এলাকা পরিদর্শন করেন। এ বিষয়ে রাজাবাড়ি গ্রামবাসীর সঙ্গে সভা করেছেন বাঙ্গরা থানার ওসি শফিউল আলম।
তিনি আরও বলেন, এর আগে ড্রোন দেখা যাওয়ার পর ৯ নভেম্বর বাঙ্গরা উপজেলার বলিঘর, নবীনগরের আশরাফপুর ও গাজীপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ফলে আমাদের ধারণা ছিল, ডাকাতরা হয়তো পুলিশ ও মানুষের চলাচল পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করে।
বাঙ্গরা উপজেলার পীর কাশিমপুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা শাহিদুল হোসেন বলেন, ড্রোন শুধু ডাকাতির উদ্দেশ্যেই নয়, নিরাপত্তার কাজেও ব্যবহৃত হতে পারে। তবে উদ্দেশ্য যা-ই হোক, প্রশাসনের উচিত দ্রুত প্রকৃত কারণ খুঁজে বের করে সাধারণ মানুষকে আতঙ্কমুক্ত করা।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কুমিল্লার বাঙ্গরা সীমান্তে ড্রোন দেখা যাওয়ার কথা শুনেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুলিশের চলমান অভিযানকে বিভ্রান্ত করতে কোনো অপরাধী চক্র এই ড্রোন ওড়ানোর কাজ করে থাকতে পারে। মাদকসেবী, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের অভিযান ব্যাহত করতেই এমন অপতৎপরতা চালানো হচ্ছে বলে আমাদের ধারণা।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বাঙ্গরায় গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ড্রোন অপারেটর এবং মাইকিং করে আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.