
আরিফ বিল্লাহ
পিরোজপুর প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সরেজমিনে পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি পিরোজপুর সদর থানার রাজারহাট সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির ও শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ী দূর্গা মন্দির এবং ভান্ডারিয়া থানাধীন স্বর্গীয় শ্রীনাথ মৃধা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, মেদিরাবাদ ও শ্রী শ্রী মদনমোহন জিউ দূর্গা মন্দির পরিদর্শন করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে গৃহীত নিরাপত্তা প্রস্তুতি ও সার্বিক বিষয়ে তিনি পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ আমাদের বাংলাদেশ। আবহমান কাল থেকে ধর্ম-বর্ণ-নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সকল নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। তিনি আশা করেন এবারের দুর্গাপূজা মহাড়ম্বরে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছ। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুলিশ সুপার পিরোজপুর মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।