
শরিফুল হাসান,
সালথা(ফরিদপুর)
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের সালথায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে এ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তাসেমউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল আহসান, যুবদলের সদস্য নুরুল ইসলাম মাতুব্বর, মামুন হোসেনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিরা।
অভিযানে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং ময়লা-আবর্জনা অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিজ নিজ কর্মস্থল, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সচেতন মহলের মতে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, শুধু আনুষ্ঠানিক অভিযানেই সীমাবদ্ধ না রেখে এ কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা হলে ডেঙ্গুর ঝুঁকি কমার পাশাপাশি গড়ে উঠবে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর সালথা।