
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে অসুস্থ ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি আব্দুর রহমান (কল্লোল), মিজানুর রহমান শাহ চৌধুরী, জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল)। এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে অসুস্থ ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনাও করা হয়।