
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল— ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোতাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম, সম্ভাবনা ও যে সকল সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে তা সমাধান করতে হবে। তিনি আরো বলেন, সমবায় সমিতি হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচন সম্ভব।
তিনি সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমিতির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমবায়ের সুফল যেন প্রকৃত সদস্য ও সাধারণ মানুষ পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন সমবায় সমিতি কে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমকে শক্তিশালী করা গেলে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ও স্বাবলম্বী বাংলাদেশ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।