
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ বাহিনীতে জনবল সংকট কাটাতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (২৩-ই ফেব্রুয়ারী) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় পুলিশের শূন্যপদ পূরণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
মন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সক্ষমতা বাড়ানো জরুরি। সে লক্ষ্যেই নতুন করে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।