
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর আকস্মিক সফরে নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (০৯ মে) সন্ধ্যায় পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে তিনি জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয়ে যাত্রাবিরতি করেন। এসময় উপজেলা জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্রীয় এই নেতাকে আন্তরিক অভ্যর্থনা জানান। পরে তিনি উপজেলা কর্মপরিষদ সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, বায়তুলমাল পরিচালনা, দাওয়াতি কাজ ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার এমপি, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা আইটি ও তথ্য বিভাগের সেক্রেটারি প্রফেসর ছাদের হোসেন, জেলা জামায়াতের শুরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, উপজেলা সহকারী সেক্রেটারি এ এ এম মুজাহিদ মাসুম সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু রাজনৈতিক দায়িত্ব পালন করলেই চলবে না, বরং আদর্শিক ও নৈতিক শক্তিতেও বলীয়ান হতে হবে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ অতীতে ইসলাম প্রতিষ্ঠার যে শপথ নিয়েছিলেন, সেই আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে পুনরায় দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠাই আমাদের একান্তই কাম্য। সংক্ষিপ্ত এই সফরে তিনি উপজেলার সাবেক সাথী ও সদস্যদের সঙ্গেও পৃথক এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি অতীতের ত্যাগ ও আন্দোলনের স্মৃতিচারণ করে নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের এই আকস্মিক সফরকে ঘিরে উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার বলেন, নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই সফর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।