
ঠাকুরগাঁও প্রতিনিধি :‘
জীবন বাঁচান, মাদক না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫, উৎসব বন্ধন।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি ঘিরে গতকাল বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সচেতনতা র্যালি এবং আলোচনা সভা। অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদকবিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাসহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।
র্যালি শেষে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“মাদক সমাজের ক্যান্সার। এটি ব্যক্তি, পরিবার, সমাজ—সবকিছুকে ধ্বংস করে। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে না পারলে আমাদের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার ঠাকুরগাঁও শেখ জাহিদুল ইসলাম পি পি এম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ সহ প্রমুখ বক্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো সমাজকে গ্রাস করে। এটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই সবাইকে একযোগে সচেতন হয়ে এ সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তারা আরও বলেন, সচেতনতা, পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব।
সামাজিক সচেতনতাই পারে মাদক নির্মূলের পথ দেখাতে—এই বার্তা নিয়ে শেষ হয় দিনের কর্মসূচি।