
মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক :
সড়ক দুর্ঘটনা এখন যেন এক নিত্যদিনের মরণ ফাঁদে পরিণত হয়েছে। ট্রাফিক আইন সম্পর্কে অনেকেরই সচেতনতার অভাব এ ভয়াবহ পরিস্থিতির অন্যতম কারণ। গত শুক্রবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের চিলাপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জের দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন সাংবাদিক আবু তারেক বাঁধন ও ফাইদুল। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় তারা পেশাগত কাজে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুজনেরই পা ও বুকের পাঁজরে গুরুতর আঘাত লেগেছে।
আহত অবস্থায় তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘাতক ট্রাকটিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে জব্দ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-৪১২৫। পুলিশ জানিয়েছে, চালককে শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।