
স্টাফ রিপোর্টার, মোক্তারুজ্জামান মোক্তার :
দিনাজপুর জেলা কারাগারে শামছুল হক মণ্ডল (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার বদনা পূর্বপাড়ার মৃত মোজাম মণ্ডলের ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৬ জুলাই ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামছুল হক। প্রাথমিকভাবে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু ঘটে।
জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শামছুল হক মণ্ডল আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (২০১২) ও একটি ২০১৪ সালের মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। একটি মামলায় তার ৫ বছর ও অন্যটিতে ২ বছরের সাজা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ১৮ জুন থেকে শামছুল হক দিনাজপুর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।