
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক দিনমজুরকে বাড়ী থেকে ধরে নিয়ে পিটিয়ে ও নির্যাতনের পর হত্যা করে বাড়ির বাইরে ফেলে রাখে আসামিরা ।
রুপল শেখ রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয় সূত্রে জানা যায় ।
এ ঘটনায় (২৩ জুলাই) বুধবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে পুত্রবধু ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।পুলিশের একটি অভিযানীক টিম , গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও শামসুদ্দিন বিশ্বাসের পুত্রবধূ রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।
চলতি বছরের গত ১৭ মে বিকাল ৫ টার দিকে রুপলের নিজ বাড়ী থেকে তুলে নিয়ে, শামসুদ্দিন বিশ্বাসের নিজ বাড়ীর ভিতরে নিয়ে যায়। মিথ্যা মোটর চুরি ও গৃহবধুর গোসলের ভিডিও ধারণের অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রুপল শেখকে এলোপাথারী ভাবে মারধর করে। মারধরে রুপলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙ্গিনায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা । তখন স্থানীয় এলাকাবাসী রুপলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুপল কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই রুপলের মামা মোঃ কালাম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১০জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ রাতেই ৪জনকে গ্রেপ্তার করে। পরে রুপলের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, মামলাটি জেলা গোয়েন্দা শাখার ওপর তদন্ত ভার প্রদানের পর থেকেই অপরাধী সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৩ জুলাই) শাশুড়ী রাহেলা পারভীন ও তার পুত্রবধু রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের একাধিক এলাকাবাসী এই দুই আসামিকে গ্রেফতারে স্বস্তির প্রকাশ করে , রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কে ধন্যবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান এলাকাবাসী ।