
মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগকে আলাদা প্রদেশ ঘোষণার দাবিতে লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ০২ আগস্ট ২০২৫ (শুক্রবার) সকাল ১১টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। সমাবেশের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের যুগ্ম সম্পাদক তবিবূর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি আমিন উদ্দিন বিএসসি তাঁর বক্তব্যে বলেন,
“দেশে ৯টি প্রদেশ গঠনের মাধ্যমে প্রাদেশিক শাসনব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। প্রাদেশিক সরকার ও প্রাদেশিক পার্লামেন্ট প্রতিষ্ঠা করে ফেডারেল কাঠামোতে রাষ্ট্র পরিচালনা করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে জাতীয় বাজেটের ৬৫% ঢাকায়, ২০% চট্টগ্রামে এবং বাকি ১৫% দেশের অন্য জেলাগুলোয় ব্যয় হয়। এই বৈষম্য দূর করে আঞ্চলিক উন্নয়নের জন্য প্রাদেশিক কাঠামো অপরিহার্য।”
এছাড়াও নাগরিক অধিকার নিশ্চিত করতে ‘একজন ব্যক্তি দুই ভোট’ ব্যবস্থার বাস্তবায়ন এবং জনগণের শ্রেণি-পেশাভিত্তিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব দেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ— ফজলে রাব্বী প্রধান, নুরুল হক, হারুনুর রশিদ, শামীম হোসেন ও অন্যান জেলা-উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার একচেটিয়া দমননীতি বদলাতে হলে জনগণের স্বার্থে প্রাদেশিক ব্যবস্থার কোনো বিকল্প নেই।
তারা রংপুর বিভাগকে দ্রুত প্রদেশ ঘোষণার দাবি জানান এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।