
ডেস্ক রিপোর্ট, আশিক আহমেদ :
রাজধানীর প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় অবস্থিত একটি গোপন অস্ত্রের গুদাম ও বিক্রয় কেন্দ্র থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি বাণিজ্যিক ভবনের গোপন কক্ষে দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র মজুদ ও বিক্রি হয়ে আসছিল। স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে গুদাম থেকে দা, রামদা, চাপাতি, লোহার রড, চাকু ও অন্যান্য ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।
অভিযান চলাকালে অস্ত্র গুদামের দায়িত্বে থাকা কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব অস্ত্র রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সরবরাহ করা হতো।
এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “রাজধানীর শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত অস্ত্রসমূহ নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনা বেড়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।