
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া জেলার শাজাহানপুর থানার খননায় ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের চাঞ্চল্যকর আল আমিন (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ২ আসামীকে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মামলার ৪নং আসামী হিটার বাশির আহমেদ (২৬) ও ৫নং আসামী মোঃ নাজির হোসেন (২৮)।
র্যাব জানায়, নিহত আল আমিন বগুড়া নিউ মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতার জেরে গত ২৮ জুলাই সকালে সন্ত্রাসীরা তাকে ব্যবসার উদ্দেশ্যে বের হওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪১, তারিখঃ ৩০/০৭/২০২৫ খ্রি)। মামলার প্রেক্ষিতে র্যাব-১২ গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রাজধানীর গাবতলী এলাকা থেকে আসামীদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের পলাতক আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
তাদের গ্রেপ্তারের পর পরই এলাকায় স্বস্তির অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী জানান, বিভিন্ন ঘটনায় তারা গ্রেফতারকৃত বশির আহমেদের হাতে আগ্নেয় অস্ত্র দেখতে পেয়েছেন। তারা এ আগ্নেয়াস্ত্রের উদ্ধার চায়।