
স্টাফ রিপোর্টার
শিবলু রহমান :
বগুড়ার শাজাহানপুরে ডাকাতির সময় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাদিক পার্ক সংলগ্ন নাটোর- বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে রংপুর থেকে ফরিদপুরগামী একটি পাট বোঝাই ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২০-০১২০) মহাসড়কে পৌঁছালে ট্রাকটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। চাকা মেরামতের এক পর্যায়ে হঠাৎ একটি নাম্বারবিহীন পালসার মোটরসাইকেলে আসা তিন যুবক ট্রাক চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রাকের কেবিন থেকে প্রায় ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় শাজাহানপুর থানার স্পেশাল-১২ ডিউটি পার্টি ঘটনাস্থলে পৌঁছালে দু’জন দস্যু পালিয়ে যায়। তবে ভিকটিমের সহযোগিতায় পুলিশ সদস্যরা মো. সুমন হোসেনকে আটক করার চেষ্টা করলে সে কনস্টেবল শাহারিয়ার হোসেনের পেটে পিস্তল ঠেকায়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় কনস্টেবল শাহারিয়ার আসামীর হাত থেকে বিদেশি পিস্তলটি কেড়ে নেন। পরে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যদের সহায়তায় সুমনকে আটক করা হয়।
খবর পেয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এসময় আসামীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি সংঘবদ্ধ দস্যু চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।