
স্টাফ রিপোর্টার, রাজু সাধু:
খুলনার পাইকগাছা উপজেলায় মটরসাইকেল গ্যারেজ মালিক ও পৌরসভার ব্যবসায়ী সমিতির পরিচালক পদপ্রার্থী কে. এম. মো. মোশাররফ হোসেন (৪৫) বিষপানে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে নিজ বাড়িতে তিনি তিন বোতল বিষ পান করেন।
পরিবার সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওয়াশ করলেও শারীরিক অবস্থার অবনতি ঘটায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেলে ভর্তি করা হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মোশাররফ হোসেন পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডে বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে মানসিক চাপে ভুগছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাজী মেডিকেলে থাকা অবস্থায় এক ব্যক্তি ভিডিও বার্তায় দাবি করেন, পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম নেওয়াজ এবং রজীব নামের এক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এদিকে স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট সাইদুর ইসলাম সুমন ও সেলিম রেজা লাকীও মৃত্যুর ঘটনায় স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন তুলে সঠিক তদন্তের দাবি জানান।
তারা বলেন, “এটি নিছক আত্মহত্যা নয়, বরং মানসিক চাপ ও ষড়যন্ত্রের ফল হতে পারে। প্রশাসনের প্রতি আহ্বান জানাই—ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।”
মোশাররফ হোসেনের মৃত্যু নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে বলে জানা গেছে।