
নিজস্ব প্রতিনিধি, সাভার:
ঢাকা জেলার সাভার মডেল থানা পুলিশের অভিযানে এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিরল বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন পাচারচক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, সাভার মডেল থানা পুলিশ ইং ০৯ অক্টোবর ২০২৫ তারিখে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে।
সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টা ১০ মিনিটে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একেএইচ টাওয়ারের বিপরীতে, ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালায়। এসময় বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ দেলোয়ার হোসেন (৬১)-কে গ্রেফতার করে। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এলাকার দারুসসালাম টাওয়ারে বসবাস করতেন।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন পুরাতন একটি ওয়ালটন ফ্রিজের কার্টুনের ভেতরে বিশেষ কৌশলে কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি লুকিয়ে রেখেছিলেন। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলে স্বীকার করেছেন।
ঘটনার পর সাভার মডেল থানায় মামলা নং-৩২, তাং-১০/১০/২৫ ইং, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ মালের আইন ২৫(বি)/২৫(ডি) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, “মূল হোতাদের শনাক্ত ও পাচারচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”