
রানা মাহমুদ:
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত
কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন (৪৫), রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫২), রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি উদয় শংকর বর্মন (৫৫), প্রচার ও প্রকাশনা সম্পাদব বাচ্চু মিয়া (৪৫), রমনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গওসুল আজম (৩৮), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম চাঁন চৌধুরী (৬০) এবং জাহিদ আনোয়ার পলাশ (৪২)।