
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৫ এ ত্রিশালের মারকাজুত তাহফিজ ওয়াল কুররা মডেল মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য
ইকবাল হোসেন
ত্রিশাল,ময়মনসিংহ।
সারা বাংলাদেশব্যাপী জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত আল কাবির হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৫-এ অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে মারকাজুত তাহফিজ ওয়াল কুররা মডেল মাদ্রাসা, ত্রিশাল, ময়মনসিংহ। এই গৌরবোজ্জ্বল অর্জনে মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে অংশ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছে তাওহিদ বিন তাহের। উল্লেখযোগ্যভাবে এটি তাঁর ধারাবাহিক হ্যাটট্রিক বিজয়, যা প্রতিযোগিতায় বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছে আব্দুল হাফিজ তাশফিন। একই গ্রুপে সামিউল আলীম ৪র্থ স্থান এবং আরিফুল ইসলাম ৭ম স্থান অর্জন করেন।
৫ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে , রৌপ্যপদক লাভ করেছে আশরাফ আলী সাদ। এছাড়াও একই গ্রুপে তাহসিনুল ইসলাম ৪র্থ স্থান অর্জন করে কৃতিত্ব দেখিয়েছে।
উল্লেখ্য, মারকাজুত তাহফিজ ওয়াল কুররা মডেল মাদ্রাসা পূর্বেও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ২০২২ সালে সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং একই বছরে আরেকটি প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করে। পরবর্তীতে ২০২৪ সালে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি তার ধারাবাহিক সাফল্যের প্রমাণ দেয়।
এছাড়াও প্রতিবছরই মাদ্রাসাটির শিক্ষার্থীরা চ্যানেল ২৪, এটিএন বাংলা, এশিয়ান টিভি, এস এ টিভিসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলের কোরআন বিষয়ক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তাঁরা জানান, শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশই এই সাফল্যের পেছনে প্রধান ভূমিকা রেখেছে।
এই অর্জন নিঃসন্দেহে মারকাজুত তাহফিজ ওয়াল কুররা মডেল মাদ্রাসার জন্য এক অনন্য গৌরব এবং আগামী দিনে আরও বৃহত্তর সাফল্যের প্রেরণা।