
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসায়। অভিযোগে জানা যায়, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তার স্ত্রী লাভলী বেগমকে নির্যাতন করেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে অভিযুক্ত প্রধান শিক্ষক ঘটনাস্থল থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, লাভলী বেগম ও আজহারুল ইসলামের ২০০০ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিরোধ ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিন ধরে চলছিল বলে দাবি করেছেন এলাকাবাসী। সর্বশেষ ঘটনায় নির্যাতনের পর এলাকাবাসী আহত অবস্থায় লাভলী বেগমকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা মাদ্রাসার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা মাদ্রাসার প্রধান ফটকসহ সব দরজায় তালা ঝুলিয়ে দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “এর আগেও এ বিষয়ে অভিযোগ পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় তালা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”