
এম,এ মালেক,ধোবাউড়া
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত অবস্থায় জন্মদাত্রী মা ও বাবাকে মারধর করার অভিযোগে সহোদর দুই ভাইকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)।
উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই ভাই মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন তারা মাদকাসক্ত অবস্থায় নিজেদের মা ও বাবার ওপর চড়াও হন এবং তাদের বেধড়ক মারধর করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের এই দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযান চলাকালীন সময় দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এবং পারিবারিক সহিংসতা রোধে এ ধরনের অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।