
বাবলু শেখ,রাজবাড়ীঃ
রাজবাড়ী পৌর শহরের বড় বাজারের জুতার দোকানের আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার ৩ জুন করিম সু হাউজে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিকেল ৩টার দিকে পৌর শহরের খলিফাপট্টি এলাকার করিম সু হাউজে অভিযান চালিয়ে দুলাল সিকদার ওরফে সাদ্দাম (৩৬) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল সিকদার সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি এলাকার আফাজউদ্দিন সিকদারের ছেলে এবং করিম সু হাউজের কর্মচারী।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই শিমুল শেখ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজবাড়ী বাজারের প্রধান সড়কসংলগ্ন করিম সু হাউজের দ্বিতীয় তলা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুলাল সিকদারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
জেলা গোয়েন্দা শাখার ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জুতার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।