
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে উপজেলার আমবাড়ি এলাকায় এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। আটককৃত নুর উদ্দিন ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিবেশী ওই শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায় অভিযুক্ত নুর উদ্দিন। একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে ও কান্নাকাটির শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেন।
পরবর্তীতে এই ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, “ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।”