
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপি নেতা ফরহাদের মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালাম (৬০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আব্দুস সালাম উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুওসুও ইউনিয়ন বিএনপির নেতা ফরহাদের একটি মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে গত বুধবার সকালে অভিযান চালিয়ে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয় এবং ওই দিন তাকে মটরসাইকেল চুরির মামলায় আসামি করে কোর্টে চালান করে।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে। মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।