
নিজস্ব প্রতিবেদক:
আরটিএনএন (RTNN) নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একযোগে ৪২ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া এবং তাদের প্রাপ্য বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এতে চাকরিচ্যুত কর্মীরা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছিল যে চলতি মাসের ৮ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হবে। কিন্তু ১৪ তারিখ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বেতন প্রদান করা হয়নি। বরং প্রতিনিয়ত “আজ দেব, কাল দেব” বলে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে দাবি তাদের।
চাকরিচ্যুত কর্মীদের অনেকেই ঢাকায় বাসা ভাড়া নিয়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। হঠাৎ করে চাকরি হারিয়ে এবং বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবি, মালিকপক্ষ তাদের বর্তমান অবস্থা বা পারিবারিক দুর্ভোগের বিষয়ে কোনো খোঁজখবর নিচ্ছে না।
ভুক্তভোগীরা আরও বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, যা তাদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশার সৃষ্টি করেছে। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।