
শাহেদ আহমেদ, সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা এসব মাদক ও অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ফেন্সিডিল ও ওষুধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পণ্য পরিবহন, মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাহিনীটি সর্বদা তৎপর রয়েছে।