
নিজস্ব প্রতিবেদক
জীবন দেওয়ান উজ্জ্বল
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে এসব কর্মকাণ্ড পরিচালনা করলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের মাঠ এলাকাকে কেন্দ্র করে মাদক ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, ওই চক্রের সঙ্গে আফরিনা (৪৯) এবং তার মেয়ের জামাই রাসেল (২৯)-এর নাম স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, এলাকায় মাদক সেবন ও কেনাবেচার কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে। পাশাপাশি চোরাই মোবাইল ফোন কেনাবেচার অভিযোগও দীর্ঘদিনের। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গী পূর্ব থানার আওতাভুক্ত বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও ব্যাংকের মাঠ এলাকার অভিযোগগুলো নিয়ে আরও কঠোর নজরদারি ও তদন্ত প্রয়োজন। তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানান।
এলাকাবাসী মনে করেন, মাদক, চোরাই পণ্য বেচাকেনা, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা জরুরি। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
সচেতন মহলের মতে, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণই পারে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে।