
স্টাফ রিপোর্টার :
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, নিয়মিত টহল ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটে মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টিভিএস, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট চারটি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। একই সঙ্গে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা চুরি, মাদক, অস্ত্র, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে বাহিনীটি।