
আজকের সংগ্রাম ডেস্ক :
‘গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার ১০ দফা’ দাবিতে বিএনপি ঘোষিত ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল কর্মসূচি যুগপতভাবে পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন শরিক দল। শনিবার গণসমাবেশে বিএনপির পক্ষ থেকে এ দাবি ও কর্মসূচি ঘোষণার পর আলাদাভাবে তাতে সমর্থনের কথা জানান শরিকরা।
জানা গেছে, শনিবার বিকালে রাজধানীর এক মিলনায়তনে দেশবাসীর উদ্দেশে বক্তব্য ও ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এজন্য ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়ে তা সফলের আহবান জানান তিনি। তবে বিএনপির পক্ষ থেকে ঘোষিত ১০ দফার সঙ্গে দলীয় নেতাদের মুক্তি ও কার্যালয় খুলে দেয়ার বিষয়গুলো যুক্ত করেছে জামায়াত।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ১০ দফা কর্মসূচি ঘোষণা করে জামায়াতের আমির বলেন, দেশকে আজ ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় হল জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আর সেই জন্যই প্রয়োজন দলনিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। এই প্রেক্ষিতে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে যুগপৎভাবে গণআন্দেলন গড়ে তোলার জন্য এ কর্মসূচি ঘোষণা করছি।
এদিকে ২০ দলীয় জোটের শরিক ১১ দলের শীর্ষ নেতারা শনিবার এক যৌথ বিবৃতিতে বিএনপি ঘোষিত ১০ দফা দাবিকে পূর্ণ সমর্থন জানান এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘোষিত সকল নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ২৪ ডিসেম্বর বিএনপি ঘোষিত গণ মিছিলে ২০ দলীয় জোটভুক্ত ১১ টি দল যৌথভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও জানান তারা।
বিবৃতি দাতারা হলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, এনডিপির চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মহিউদ্দিন একরাম এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।
এছাড়া বাংলাদেশ লেবারপার্টির পক্ষ থেকে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আলাদা বিবৃতিতে বিএনপির যুগপৎ কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দেন। তবে এর আগে যুগপৎ আন্দোলনের বিষয়ে সাত দলীয় জোট-গণতন্ত্র মঞ্চ ঐকমত্য হলেও শনিবার বিএনপি ঘোষিত ১০ দফার বিষয়ে তাৎক্ষনিকভাবে তাদের নতুন কোন বক্তব্য পাওয়া যায়নি।