
নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র্যাব-১০, সদর কোম্পানির সহযোগিতায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দালাল চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের মধ্যে হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিন করে, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন করে এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য, নিষিদ্ধ পলিথিন এবং বিভিন্ন সরকারি দপ্তরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারি দপ্তরে দালাল চক্রের অবৈধ কর্মকাণ্ড সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে এবং সাধারণ সেবাপ্রত্যাশীদের হয়রানির শিকার হতে হয়। জনস্বার্থে এ ধরনের দালাল চক্রের অপতৎপরতা নির্মূলে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।