
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও অভিযুক্ত দুই মাদক কারবারি পালিয়ে যায়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ড ভ্যানে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, পলাতক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত কাভার্ড ভ্যান আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তাই “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।