
মোঃ স্বপন বেপারী,
লৌহজং (মুন্সিগঞ্জ)
২৪ জুলাই শুক্রবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকায় মানবসেবামূলক এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় মসজিদের ইমাম। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষ একত্রিত হয়ে কুমারভোগ পদ্মা সেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা এবং আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয় চত্বরের ঝোপঝাড়, আগাছা ও আবর্জনা অপসারণ করা হয়। ফলে মশার প্রজননস্থল কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন এলাকাবাসী।
উদ্যোক্তারা জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এ কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী মসজিদের ইমাম ও যুব সমাজের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, সমাজের প্রতিটি এলাকায় যদি এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়, তবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সচেতন সমাজ গড়ে তোলা অনেক সহজ হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, যুব সমাজকে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ অন্য এলাকাগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে।