
লৌহজং প্রতিনিধি-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এসআই ইউসুফ আলীর নেতৃত্বে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গোডাউন রোডে এনামুলের বাড়ির সামনে পাকা সড়ক থেকে মো. জিমি চৌধুরী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালীমান্দ্রা এলাকার মো. ফিরোজ চৌধুরীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটে এসআই মুন্সী কামরুজ্জামানের নেতৃত্বে কনকসার ইউনিয়নের শহিদুল মোড়লের বাড়ি হতে মো. রিপন মাঝি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কনকসার ফকির বাড়ি বটতলা এলাকার আব্দুস সাত্তার মাঝির ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লৌহজং থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।