
মোঃ দেলোয়ার হোসেন শিমুল
জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রোববার রাতে নন্দীগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজনের মধ্যে থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রশিদ সাগর (২৭), পিতা-মোঃ রাকিব, সাং-নন্দীগ্রাম এবং মোঃ মাসুদ রানা (২৫), পিতা-মোঃ আজাহার, সাং-পতকৈল। উভয়েই নিয়ামতপুর থানা, নওগাঁ জেলার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়ামতপুর থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে মাদক সরবরাহ, বিক্রি ও বিস্তারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিয়ামতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের কঠোর অবস্থান থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।