
নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া পৌরসভার উত্তর বেজুগালিয়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার, নগদ টাকা ও গৃহপালিত হাঁস-মুরগি লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হাজী জামাল উদ্দিন (৬১) নামে এক ব্যক্তি হাতিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে এজাহার দিয়েছেন।
গত ২৪ আগস্ট দিবাগত রাত অর্থাৎ ২৫ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বেজুগালিয়া এলাকায় হাজী জামাল উদ্দিনের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বাদীর পূর্ববিরোধ ছিল। এর আগে গত ২৮ জুন খাস জমি বাদ দিয়ে তার ক্রয়কৃত জমি একজন সার্ভেয়ার দিয়ে পরিমাপের জন্য আবেদন করলে ১ নম্বর আসামি তাকে ও একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেন বলেও অভিযোগ করেন বাদী।
হাজী জামাল উদ্দিনের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে রাতের আঁধারে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতঘরের দরজা-জানালায় আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। তিনি ঘর থেকে বের হলে তাকে লক্ষ্য করে রড ও লাঠি নিক্ষেপ করা হয়। পরে তিনি দৌড়ে ঘরে ঢুকে পড়লে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ২ নম্বর আসামি আলমারি ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এবং ৩ নম্বর আসামি আলমারির ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘরের বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন বাদী। এ ঘটনায় হাজী জামাল উদ্দিন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পরে কয়েকজন সাক্ষীর সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে প্রশাসনিক সহযোগিতায় তারা উদ্ধার পান বলে জানান হাজী জামাল উদ্দিন।
এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, এ ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সেখানে গুরুতর কোন ঘটনা ঘটেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষে হাজী জামাল উদ্দিন একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগোর বিষয়ে কাজী আব্দুর রহিম থেকে জানতে চাইলে তিনি বলেন আমি আজ কয়েকদিন ঢাকায় আছি। আমি কিছু জানি না।।।।